ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 10:27 AM, 23 December 2025.
Digital Solutions Ltd

নির্বাচনের তফসিল ঘোষণা, ওসমান হাদি গুলিবিদ্ধ, নির্বাচন নিয়ে শঙ্কা

Publish : 10:27 AM, 23 December 2025.
নির্বাচনের তফসিল ঘোষণা, ওসমান হাদি গুলিবিদ্ধ, নির্বাচন নিয়ে শঙ্কা

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

নির্বাচনের তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির যে আশ্বাস সরকার ও নীতিনির্ধারকরা দিয়েছিলেন, বাস্তবতা যেন তার উল্টো চিত্রই দেখাচ্ছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনা নতুন করে নির্বাচনী নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে।

বৃহস্পতিবার রাতে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেন। আর তার পরদিন শুক্রবার দুপুরেই ঢাকার ব্যস্ত এলাকায় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের মতে, তাঁর অবস্থা আশঙ্কাজনক।

রাজনৈতিক মতাদর্শ যাই হোক, কোনো প্রার্থীকে প্রকাশ্য নির্বাচনী সময়ে এভাবে সন্ত্রাসী হামলার শিকার হতে হবে— এমন ঘটনা স্বাভাবিক নয়। তফসিল ঘোষণার পর যে উৎসবমুখর পরিবেশ তৈরি হওয়ার কথা ছিল, হাদির ওপর হামলার ঘটনায় তা মুহূর্তেই স্তব্ধ হয়ে গেছে। চারদিকে এখন উৎকণ্ঠা ও আতঙ্ক।

এ ঘটনার প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন বিবৃতি দিয়েছে। ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে পরিচিত হয়ে ওঠা ওসমান হাদি বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনের সবাই তাঁর সুস্থতা কামনা করছেন।

প্রধান নির্বাচন কমিশনার আগেই দেশবাসীকে সব ভয়ভীতি উপেক্ষা করে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছিলেন। একই সঙ্গে নিরাপদ ও উৎসবমুখর নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। তবে বাস্তবে যদি নির্বাচনী প্রচারণায় নামা প্রার্থীদের গুলির মুখে পড়তে হয়, তাহলে সেই প্রতিশ্রুতি কতটা বাস্তবায়ন সম্ভব— তা নিয়ে প্রশ্ন উঠছে।

নির্বাচন সামনে রেখে সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। যদিও অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই সেনাবাহিনীর সদস্যরা বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার কাজে যুক্ত আছেন।

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) তথ্যমতে, চলতি বছরের প্রথম ১০ মাসে দেশে অন্তত ৭৫৬টি রাজনৈতিক সংঘাতের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নিহত হয়েছেন ১১৭ জন, আহত হয়েছেন ছয় হাজারের বেশি মানুষ। আধিপত্য বিস্তার, রাজনৈতিক প্রতিশোধ, সমাবেশ ঘিরে সহিংসতা, চাঁদাবাজি ও দখলদারিত্ব এসব সহিংসতার প্রধান কারণ।

এর আগে ২৭ নভেম্বর পাবনার ঈশ্বরদীতে নির্বাচনী প্রচারণা ঘিরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। একইভাবে চট্টগ্রাম-৮ আসনে বিএনপি প্রার্থীর জনসংযোগে গুলিবর্ষণের ঘটনায় একজন নিহত ও একাধিক ব্যক্তি আহত হন। অথচ এক মাস পেরিয়ে গেলেও হামলাকারী এখনো শনাক্ত হয়নি।

এসব ঘটনার পরও সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে। তবে মাঠের বাস্তবতা ভিন্ন কথাই বলছে। রাজনৈতিক সহিংসতার পাশাপাশি সামাজিক অপরাধও বেড়েছে। ফলে ইতিহাসের সেরা নির্বাচন তো দূরের কথা, একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করাও কঠিন হয়ে পড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

তফসিল ঘোষণার পর প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনের আওতায় এলেও বাস্তবে স্থানীয় রাজনৈতিক প্রভাব থেকে তারা পুরোপুরি মুক্ত নয়— এমন অভিযোগ দীর্ঘদিনের। ডিসি, এসপি কিংবা ইউএনওরা অনেক সময় রাজনৈতিক বাস্তবতা বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে বাধ্য হন, যা নিরপেক্ষ নির্বাচনের পথে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে।

এই প্রেক্ষাপটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাম্প্রতিক বক্তব্যও আলোচনার জন্ম দিয়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দায়িত্ব ছাড়ার ইচ্ছা প্রকাশ করলেও বলেছেন, নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত সাংবিধানিক দায়িত্ব পালন করে যাবেন।

সব মিলিয়ে তফসিল ঘোষণার পরও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় নির্বাচন নিয়ে জনমনে শঙ্কা আরও গভীর হচ্ছে।

মতামত বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বগুড়ায় অস্ত্রসহ বিএনপি তিন নেতাকর্মী গ্রেফতার শিরোনাম চট্টগ্রামে কৃষকদলের নেতা ইয়াবাসহ আটক শিরোনাম প্রধান উপদেষ্টা ভোট দেবেন গুলশানে শিরোনাম বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে শিরোনাম ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ২, আহত ৩০ শিরোনাম মনপুরায় লাকড়ির আগুনে দগ্ধ হয়ে শিশু মারজান গুরুতর আহত