ছবি সংগ্রহীত
রাজধানীর মোহাম্মদপুরে দিনে-দুপুরে প্রকাশ্যে এক তরুণকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। জুমার নামাজ আদায় করে বাসায় ফেরার পথে দ্বীন ইসলাম (১৭) নামের এক কিশোরকে ‘সামুরাই’ দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-২।
র্যাব জানায়, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে মোহাম্মদপুরের তাজমহল রোড ও চাঁদ উদ্যান এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মো. আলিফ মৃধা (১৯) এবং দ্বিতীয় আসামি মো. মিরাজ (১৮)কে গ্রেপ্তার করা হয়। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব-২-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
মামলার এজাহার ও র্যাব সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে ভুক্তভোগী দ্বীন ইসলাম ও তার বন্ধু শান্ত বায়তুন নূর জামে মসজিদে জুমার নামাজ শেষ করে বাসায় ফিরছিলেন। এ সময় তারা দেখতে পান, কয়েকজন যুবক একটি অজ্ঞাতনামা কিশোরকে ধারালো অস্ত্র ‘সামুরাই’ নিয়ে তাড়া করছে।
হঠাৎ করে ওই সময় আসামি আলিফের সঙ্গে দ্বীন ইসলামের ধাক্কা লাগে। এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আসামিরা ক্ষিপ্ত হয়ে দ্বীন ইসলামের ওপর হামলা চালায়।
র্যাব জানায়, প্রধান আসামি আলিফ হত্যার উদ্দেশ্যে দ্বীন ইসলামের ঘাড়ের নিচে সজোরে কোপ দেন। দ্বিতীয় আসামি মিরাজ পিঠের মাঝ বরাবর আঘাত করেন, এতে তার মেরুদণ্ডের হাড় পর্যন্ত দৃশ্যমান হয়ে যায়। এ ছাড়া মোহন ও আজগর নামের আরও দুই আসামি দ্বীন ইসলামের পিঠের বাম পাশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন।
আঘাতের পর দ্বীন ইসলাম রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে আসামিরা তাকে লাথি ও ঘুষি মারতে মারতে ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা তাজুল ইসলাম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
র্যাব-২-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুল ইসলাম জানান, ঘটনার পরপরই গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে দুই আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী হামলায় ব্যবহৃত একটি ‘সামুরাই’ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। মামলার অন্য আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
দিবালোকে প্রকাশ্যে এ ধরনের সহিংস ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। তারা দ্রুত সব আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News