ছবি সংগ্রহীত
পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের নির্মাণাধীন ফোরলেন সেতুর কাজ চলাকালে ভয়াবহ দুর্ঘটনায় এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। সেতুর ট্রাভেলার ফার্ম বা লোহার সাটার ভেঙে রাবনাবাদ নদীতে পড়ে এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন শ্রমিক, যাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে কলাপাড়া উপজেলার লালুয়া অংশে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম রাসেল হাওলাদার (৩২)। তিনি টিয়াখালী ইউনিয়নের অঞ্জুপাড়া গ্রামের শাহ আলম হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সেতুর ওপর প্রায় ১০ থেকে ১৫ জন শ্রমিক লোহার সাটারের ওপর বসে রড বাঁধাইয়ের কাজ করছিলেন। বেলা সাড়ে ১০টার দিকে হঠাৎ সাটার বহনকারী চেইন ছিঁড়ে গেলে শ্রমিকসহ পুরো সাটারটি নদীতে পড়ে যায়। মুহূর্তেই সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত শ্রমিকদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাসেল হাওলাদারকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে রঞ্জু ও রাকিবুল নামের দুই শ্রমিকের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শ্রমিক অভিযোগ করেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম সরবরাহ করা হয়নি। হেলমেট, সেফটি বেল্ট ও অন্যান্য সুরক্ষা সামগ্রীর ঘাটতি দীর্ঘদিন ধরেই ছিল বলে জানান তারা।
উল্লেখ্য, পায়রা বন্দরের সিক্সলেন সড়কের সঙ্গে সংযুক্ত প্রায় ১ হাজার ১৮০ মিটার দীর্ঘ এ সেতুটির নির্মাণ কাজ করছে চীনের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান—চায়না রেলওয়ে ব্রিজ কনস্ট্রাকশন গ্রুপ (সিআরবিজি) এবং চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশন (সিসিইসিসি)। ২০২৪ সালের ১২ মার্চ এ প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, “নিহত শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে এ দুর্ঘটনার পর বড় প্রকল্পে শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা এবং তদারকি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা থাকলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News