ছবি: সংগৃহীত
ঝালকাঠিতে জামায়াতে ইসলামীর সঙ্গে রাজনৈতিক জোটে অসন্তোষ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দিয়েছেন দলটির দশ নেতাকর্মী। রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঝালকাঠি-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সভায় তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।
বিএনপিতে যোগদানকারী নেতাকর্মীদের নেতৃত্ব দেন আজাদ রহমান। তিনি সদর উপজেলা এনসিপির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার সঙ্গে বিএনপিতে যোগ দেন আব্বাস আলী খান, মোতালেব, নান্নু শিকদার ও অসীম পাল।
যোগদানকালে নেতারা বলেন, ৫ আগস্টের পর তরুণ ছাত্রদের নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপিকে তারা পরিবর্তনের প্রতীক হিসেবে দেখেছিলেন। গণতন্ত্র পুনরুদ্ধার ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রত্যাশা থেকেই তারা দলটিতে যুক্ত হন। তবে পরবর্তীতে স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে পরিচিত জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির রাজনৈতিক ঐক্য তাদের হতাশ করেছে।
নেতাকর্মীরা বলেন, “যে দল পরিবর্তনের কথা বলে, সেই দল যদি জামায়াতের সঙ্গে জোট করে, সেখানে আমাদের অবস্থান রাখা সম্ভব নয়। আদর্শিক জায়গা থেকেই আমরা এনসিপি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।”
এ সময় বক্তব্যে আজাদ রহমান বলেন, তিনি দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ২০২১ সালে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন। তিনি বলেন, “৫ আগস্টের পরিবর্তনের পর এনসিপিকে একটি বিপ্লবী শক্তি মনে করে সেখানে যোগ দিয়েছিলাম। কিন্তু জামায়াতের সঙ্গে জোট করার পর বুঝেছি, এই দলে থাকা আমার পক্ষে সম্ভব নয়। তাই বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
বিএনপি নেতারা নতুন যোগ দেওয়া নেতাকর্মীদের স্বাগত জানিয়ে বলেন, গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপিই একমাত্র গ্রহণযোগ্য প্ল্যাটফর্ম। তারা দাবি করেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিভিন্ন দল থেকে নেতাকর্মীরা বিএনপিতে যোগ দিচ্ছেন, যা দলটির সাংগঠনিক শক্তিকে আরও দৃঢ় করছে।
এদিকে এ বিষয়ে এনসিপির পক্ষ থেকেও প্রতিক্রিয়া পাওয়া গেছে। ঝালকাঠি জেলা এনসিপির আহ্বায়ক মাইনুল ইসলাম মান্না বলেন, আজাদ রহমানকে গত বছরের ১৩ জুলাই এনসিপির সব কার্যক্রম থেকে সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। তিনি বলেন, “আজাদ রহমান দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এ কারণে তাকে নিয়ে দলে ব্যাপক সমালোচনা ছিল।”
তিনি আরও জানান, আজাদ রহমান এখন পর্যন্ত এনসিপির জেলা কমিটি বা কেন্দ্রীয় কমিটির কাছে আনুষ্ঠানিক কোনো পদত্যাগপত্র জমা দেননি। বর্তমানে জেলা পর্যায়ে আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে এবং পর্যায়ক্রমে অন্যান্য ইউনিটের কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ঝালকাঠিতে এনসিপির নেতাকর্মীদের বিএনপিতে যোগদান আসন্ন নির্বাচন ও রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে জামায়াতের সঙ্গে জোট ইস্যুতে এনসিপির ভেতরে আদর্শিক দ্বন্দ্ব আরও স্পষ্ট হয়ে উঠছে বলে মনে করছেন তারা।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News