ছবি সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ করার সিদ্ধান্তকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের (ইসি) তীব্র সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ফেসবুকে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম বলেন, “ভোটকেন্দ্রে বিএনসিসি প্রত্যাহারের পর এবার মোবাইল নিষিদ্ধের ষড়যন্ত্র বাস্তবায়িত হলো। কার ইশারায়, কার প্রভাবে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিল?”
তিনি আরও বলেন, “ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ মানে সবাইকে নিজের মোবাইল ঘরে রেখে যেতে হবে। এমনকি কোনো মোজো সাংবাদিক বা সিটিজেন জার্নালিজমও অনুমোদিত নয়। ভোটকেন্দ্র এলাকায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার কোনো তথ্য, ফুটেজ ভুক্তভোগীর কাছেও থাকবে না। এই নব্য ফ্যাসিজম কারা জাতির ওপর চাপিয়ে দিল?”
ডাকসু ভিপি দেশজুড়ে তরুণদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, “আপনাদের হাতে রয়েছে ভবিষ্যৎ, আসুন আওয়াজ তুলুন। নতুন বাংলাদেশ গঠনের দায়িত্ব আপনারাই বহন করবেন।”
তিনি আরও বলেন, “নাগরিকদের তথ্য পাওয়ার অধিকার কেড়ে নেওয়ার জন্য বা কোনো গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য ইলেকশন কমিশন গঠিত হয়নি। এটি গঠিত হয়েছে ফ্রি, ফেয়ার ও নিরাপদ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার জন্য। আমরা স্পষ্টভাবে বলি—নিষেধাজ্ঞা অবিলম্বে বাতিল করতে হবে।”
এর আগে, রোববার (৮ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ করার নির্দেশনা জারি করেন। নির্দেশনায় বলা হয়, ভোটকেন্দ্রের চারশত গজের মধ্যে প্রিসাইডিং অফিসার, দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুইজন আনসার ছাড়া কেউ মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না।
এই নির্দেশনার ফলে ভোটগ্রহণের দিনে বেশিরভাগ সাংবাদিক যারা ফটো বা ভিডিও রেকর্ডিং কাজে ফোন ব্যবহার করেন, তারা বিপাকে পড়বেন। বিশেষ করে এটি প্রথমবারের মতো ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ করা হয়েছে।
সাদিক কায়েমের সমালোচনা থেকে স্পষ্ট, তরুণদের ও গণমাধ্যমকর্মীদের তথ্যাধিকার ও নিরাপদ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার জন্য ইসির এই পদক্ষেপকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News