ছবি সংগ্রহীত
কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ ও বৈশ্বিক নিরাপত্তা নিশ্চিত করতে অভূতপূর্ব উচ্চ বেতনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। প্রতিষ্ঠানটি বছরে প্রায় ৫ লাখ ৫৫ হাজার মার্কিন ডলার বেতনে একজন শীর্ষ পর্যায়ের বিশেষজ্ঞ নিয়োগ দিতে যাচ্ছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি ৭৭ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।
ওপেনএআই জানিয়েছে, বেতন ছাড়াও যোগ্যতা ও পারফরম্যান্স অনুযায়ী নিয়োগপ্রাপ্ত ব্যক্তি ইকুইটি শেয়ার বা মালিকানা সুবিধা পেতে পারেন, যা এই পদটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান জানিয়েছেন, এটি কোনো সাধারণ চাকরি নয়। তার ভাষায়,
“এই পদে কাজ করার জন্য প্রার্থীকে প্রায় ‘অতিমানব’ হতে হবে। কারণ, দায়িত্বটি অত্যন্ত সংবেদনশীল, ঝুঁকিপূর্ণ এবং বৈশ্বিক প্রভাবসম্পন্ন।”
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘হেড অব প্রিপেয়ার্ডনেস’ নামের এই পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলগুলোর নিরাপত্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা তদারক করতে হবে। এআই মডেলের সম্ভাব্য অপব্যবহার, প্রযুক্তিগত ত্রুটি, নিরাপত্তা ঘাটতি এবং ভবিষ্যৎ হুমকি চিহ্নিত করে প্রতিরোধমূলক কৌশল নির্ধারণ করাই হবে তার মূল দায়িত্ব।
ওপেনএআই জানিয়েছে, চ্যাটজিপিটি তাদের কার্যক্রমের শেষ নয়। পরবর্তী প্রজন্মের আরও শক্তিশালী ও স্বয়ংক্রিয় এআই মডেল তৈরিতে তারা বিপুল বিনিয়োগ করছে। তবে প্রযুক্তি যত শক্তিশালী হচ্ছে, ততই বাড়ছে তথ্য ফাঁস, সাইবার ঝুঁকি ও নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা। এ কারণে সেফটি সিস্টেমকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, এই দায়িত্ব বাস্তবে প্রায় অসম্ভবের কাছাকাছি। কারণ, কৃত্রিম বুদ্ধিমত্তা ইতোমধ্যেই মানসিক স্বাস্থ্য, সাইবার নিরাপত্তা এবং সামাজিক স্থিতিশীলতার জন্য সম্ভাব্য হুমকি হিসেবে দেখা দিচ্ছে। ভবিষ্যতে এআই নিজেই নিজেকে প্রশিক্ষণ দেওয়ার সক্ষমতা অর্জন করলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।
কিছু গবেষকের আশঙ্কা, নিয়ন্ত্রণহীন এআই একপর্যায়ে মানবজাতির স্বার্থের বিরুদ্ধেও অবস্থান নিতে পারে। এ প্রেক্ষাপটে স্যাম অল্টম্যান বলেন,
“এই দায়িত্ব অত্যন্ত চাপের। শুরু থেকেই গভীর ঝুঁকির মধ্যে কাজ করতে হবে। তবে বিশ্ব সম্প্রদায়ের নিরাপত্তার স্বার্থেই এই পদে নিয়োগ দেওয়া হচ্ছে।”
এআই শিল্পের শীর্ষ ব্যক্তিরাও সতর্কবার্তা দিচ্ছেন। সম্প্রতি বিবিসি রেডিও ফোরের টুডে অনুষ্ঠানে মাইক্রোসফট এআইয়ের প্রধান নির্বাহী মুস্তাফা সুলায়মান বলেন,
“এই মুহূর্তে আপনি যদি এআই নিয়ে একটুও ভয় না পান, তাহলে বুঝতে হবে আপনি বিষয়টির দিকে যথেষ্ট মনোযোগ দিচ্ছেন না।”
এ মাসেই গুগল ডিপমাইন্ডের সহপ্রতিষ্ঠাতা ও নোবেলজয়ী বিজ্ঞানী ডেমিস হাসাবিস সতর্ক করে বলেন, এআই এমনভাবে ‘লাইনচ্যুত’ হতে পারে, যা মানবতার জন্য ক্ষতিকর হয়ে উঠবে।
এআই নীতিমালার দুর্বলতার দিকটিও তুলে ধরছেন বিশ্লেষকরা। ‘এআইয়ের গডফাদার’ হিসেবে পরিচিত কম্পিউটার বিজ্ঞানী যোশুয়া বেঞ্জিও সম্প্রতি মন্তব্য করেন,
“একটি স্যান্ডউইচ বিক্রির জন্য যত নিয়মকানুন রয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য তার চেয়েও কম নীতিমালা বিদ্যমান।”
বিশ্লেষকদের মতে, ওপেনএআইয়ের এই নিয়োগ শুধু একটি চাকরির বিজ্ঞপ্তি নয়—এটি ভবিষ্যৎ বিশ্বব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তার নিয়ন্ত্রণ নিয়ে চলমান উদ্বেগেরই প্রতিফলন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News