ছবি সংগৃহীত
ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বাইরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। ক্রিকেটারদের বয়কটের জেরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর নির্ধারিত ম্যাচ মাঠে না গড়ানোয় সৃষ্টি হওয়া উত্তেজনা থেকে এ ঘটনার সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। পরে সেনাবাহিনীর সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরের পর এ ভাঙচুরের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে একদল লোক স্টেডিয়ামের প্রধান গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় স্টেডিয়ামের সামনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালানো হয়।
এসময় বিপিএলের বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলা হয়। পাশাপাশি স্টেডিয়ামের ভেতরের দিকে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। ভাঙচুরের কারণে স্টেডিয়াম এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দ্রুত সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। বর্তমানে স্টেডিয়ামের আশপাশে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
সূচি অনুযায়ী আজ বিপিএলের ঢাকা পর্ব শুরু হওয়ার কথা ছিল। দিনের প্রথম ম্যাচে দুপুর ১টায় চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে মাঠে নামার কথা ছিল রাজশাহী ওয়ারিয়র্সের। তবে ক্রিকেটারদের বয়কটের কারণে ম্যাচটি শুরু করা সম্ভব হয়নি।
জানা গেছে, বুধবার বিসিবির পরিচালক এম নাজমুল ইসলাম ক্রিকেটারদের নিয়ে এক মন্তব্য করলে তা অবমাননাকর বলে অভিযোগ তোলে ক্রিকেটাররা। এর জেরে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) রাতেই বিপিএলসহ সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা দেয়।
পরবর্তীতে বিসিবি সমঝোতার চেষ্টা চালালেও তা সফল হয়নি। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় কোয়াব এক সংবাদ সম্মেলনে জানায়, দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্রিকেটাররা মাঠে নামবেন না।
এ অবস্থার মধ্যেই বিসিবির একটি সূত্রের বরাত দিয়ে সংবাদ প্রকাশিত হয় যে, এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। পরে বিসিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। তবে কোয়াবের দাবি ছিল, তাকে পুরো বোর্ড থেকেই সরিয়ে দেওয়া।
বিপিএলকে ঘিরে চলমান এ অচলাবস্থা কবে কাটবে, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এদিকে ভাঙচুরের ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News