ছবি: সংগৃহীত
মাত্র একদিনের ব্যবধানে পাকিস্তানের আধ্যাত্মিক অঙ্গন থেকে বিদায় নিয়েছেন দুই প্রখ্যাত আলেম ও পীরে তরিকত। এতে শোকের ছায়া নেমে এসেছে শুধু পাকিস্তান নয়, সমগ্র উপমহাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে। ইন্তেকাল করেছেন বিশ্ববিখ্যাত আধ্যাত্মিক রাহবার হযরত মাওলানা পীর জুলফিকার আহমদ নকশবন্দী (রহ.) এবং জমিয়তে উলামায়ে ইসলাম (জেইউআই) উত্তর পাঞ্জাবের আমির হযরত মাওলানা পীর আব্দুর রহিম নকশবন্দী (রহ.)।
এক হৃদয়বিদারক পরিবেশের মধ্য দিয়ে পীর জুলফিকার আহমদ নকশবন্দী (রহ.)-এর ইন্তেকালের সংবাদ সামনে আসে। রোববার (১১ ডিসেম্বর) তার ইন্তেকালের খবর প্রথম নিশ্চিত করেন তাঁর খলিফা ও বিশিষ্ট আলেম মাওলানা মাসুমুল হক। তিনি তখন উপস্থিত ছিলেন আরেক মরহুম আলেম পীর আব্দুর রহিম নকশবন্দী (রহ.)-এর জানাজার নামাজে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, জানাজার নামাজ চলাকালেই পীর জুলফিকার নকশবন্দী (রহ.)-এর ইন্তেকালের সংবাদ পৌঁছায়। আকস্মিক এ খবরে মাওলানা মাসুমুল হক কান্নায় ভেঙে পড়েন এবং কিছু সময় কথা বলার মতো অবস্থায় ছিলেন না। একই দিনে দুই আধ্যাত্মিক রাহবারের বিদায় ধর্মপ্রাণ মুসলমানদের মনে গভীর শোক ও বেদনার সৃষ্টি করে।
পীর জুলফিকার আহমদ নকশবন্দী (রহ.) ছিলেন বর্তমান সময়ের অন্যতম প্রভাবশালী আধ্যাত্মিক রাহবার। তিনি নকশবন্দিয়া তরিকার একজন সুপরিচিত পীরে তরিকত হিসেবে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন। শরিয়ত ও তরিকতের সমন্বয়ে তাঁর দাওয়াত, বয়ান ও আত্মশুদ্ধির শিক্ষা লাখো মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন এনে দেয়। তাঁর লেখা, বক্তব্য ও আত্মিক নির্দেশনা উপমহাদেশ ছাড়াও ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যে অনুসারীদের মাঝে ব্যাপকভাবে সমাদৃত ছিল। তাঁর ইন্তেকালে মুসলিম উম্মাহ একজন দরদি অভিভাবক ও সময়ের একজন মহান মুরব্বিকে হারাল বলে মন্তব্য করেছেন আলেম সমাজ।
অন্যদিকে, হযরত মাওলানা পীর আব্দুর রহিম নকশবন্দী (রহ.) ছিলেন প্রখ্যাত বুজুর্গ হযরত পীর গোলাম হাবিব নকশবন্দী (রহ.)-এর সুযোগ্য সন্তান ও স্থলাভিষিক্ত। তিনি মরহুম পীর আব্দুর রহমান কাসেমী ও পীর আব্দুল কুদ্দুস নকশবন্দীর সহোদর ভাই। দ্বীনি খেদমত, আধ্যাত্মিকতা ও সাংগঠনিক নেতৃত্বে তিনি নিজস্ব মর্যাদার অধিকারী ছিলেন। বিশেষ করে উত্তর পাঞ্জাবে দ্বীনের প্রচার, মাদরাসাভিত্তিক শিক্ষা বিস্তার এবং ইসলামি আন্দোলনে তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য।
একদিনের ব্যবধানে এই দুই আলেমের ইন্তেকালে পাকিস্তানের ধর্মীয় অঙ্গনসহ গোটা উপমহাদেশে শোকের আবহ বিরাজ করছে। আলেম-ওলামা, তালেবে ইলম, ভক্ত-মুরিদ এবং সাধারণ মুসলমানরা সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে গভীর শোক প্রকাশ করছেন। অনেকেই এ ক্ষতিকে ‘আধ্যাত্মিক জগতের অপূরণীয় শূন্যতা’ বলে অভিহিত করেছেন।
আল্লাহ তাআলা এই দুই মহান আলেমকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুন এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন, অনুসারী ও মুরিদদের সবরে জামিল দান করুন এমন দোয়া করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News