ছবি: সংগৃহীত
চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে কুষ্টিয়ায় ছয় হত্যা, উসকানি ও ষড়যন্ত্রসহ মানবতাবিরোধী অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ পঞ্চম দিনের মতো সাক্ষ্যগ্রহণ চলছে।
সোমবার (১৫ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার পর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। প্যানেলের অন্য দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ ও জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
আজ অবশিষ্ট জবানবন্দি দিচ্ছেন সিআইডির ডিজিটাল ফরেনসিক ল্যাবের উপপরিদর্শক শাহেদ জোবায়ের লরেন্স। তিনি এই মামলার চতুর্থ নম্বর সাক্ষী। জবানবন্দি শেষে তাকে জেরা করবেন ইনুর আইনজীবী মনসুরুল হক চৌধুরী। প্রসিকিউশনের পক্ষে শুনানি করছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও ফারুক আহাম্মদ, সঙ্গে রয়েছেন আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যান্য সদস্য।
সাক্ষ্যগ্রহণ চলাকালে কারাগার থেকে হাসানুল হক ইনুকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ইতিমধ্যে মামলায় বিভিন্ন দিন জবানবন্দি দিয়েছেন তদন্ত সংস্থার রেকর্ড সংরক্ষণকারী এসআই মো. কামরুল হোসেন, বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা এবং প্রথম সাক্ষী মো. রাইসুল হক।
প্রথম সাক্ষী মো. রাইসুল হক জানান, জুলাই-আগস্ট আন্দোলনের সময় কুষ্টিয়া শহরের একটি মেসে থাকাকালীন ছাত্র-জনতার ওপর হামলার প্রত্যক্ষ নির্দেশদাতা ও উসকানিদাতা ছিলেন হাসানুল হক ইনু। তার কপালেও গুলি লেগেছিল, তবে তিনি বেঁচে ফিরেছেন। এছাড়া ছয়জন শহীদ হয়েছেন। সাক্ষীরা ট্রাইব্যুনালের কাছে ইনুর সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।
মামলার সূচনা বক্তব্য ৩০ নভেম্বর উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। একই দিন ইনুর করা রিভিউ আবেদনের শুনানি শেষে ট্রাইব্যুনাল আবেদনটি খারিজ করে দেয়। ২ নভেম্বর আনা আটটি অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।
উল্লেখ্য, জুলাই-আগস্ট আন্দোলনের সময় ২০২৪ সালের ৫ আগস্ট কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থানে ছাত্র-জনতার ওপর গুলি চালানো হয়। শহীদ হন শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন, উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজী ও চাকরিজীবী ইউসুফ শেখ। আহত হন বহু নিরীহ মানুষ। পরে ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News