ছবি: সংগৃহীত
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা ফের পিছিয়েছে। সর্বশেষ আদালত আগামী ৩ ফেব্রুয়ারি নতুন দিন ধার্য করেছেন। এ নিয়ে টানা চতুর্থবারের মতো মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিল পেছানো হলো, যা নিহতের পরিবার ও অনুসারীদের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়িয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ করেন। মামলার তদন্ত সংস্থা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)–এর তদন্ত কর্মকর্তা, সিআইডি পুলিশের ঢাকা মেট্রোর (পূর্ব) সহকারী পুলিশ সুপার আবদুর কাদির ভূঁঞা নির্ধারিত দিনে প্রতিবেদন জমা দিতে না পারায় আদালত এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৫ জানুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। ওইদিন ঢাকার আরেক অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ বিষয়ে শুনানির দিন ঠিক করেছিলেন। তবে তদন্ত অগ্রগতি সন্তোষজনক না হওয়ায় সেদিনও প্রতিবেদন দাখিল সম্ভব হয়নি।
হাদি হত্যা মামলার তদন্ত ঘিরে শুরু থেকেই জটিলতা ও বিতর্ক দেখা গেছে। গত ৬ জানুয়ারি গোয়েন্দা পুলিশ (ডিবি) এ মামলায় ১৭ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে। তবে অভিযোগপত্রে সন্তুষ্ট নয় মামলার বাদী ও ইনকিলাব মঞ্চ।
গত ১২ জানুয়ারি মামলাটি আদালতে শুনানির জন্য ওঠে। সেদিন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ও মামলার বাদী আবদুল্লাহ আল জাবের অভিযোগপত্র পর্যালোচনার জন্য সময় চান। আদালত তার আবেদনে সাড়া দিয়ে ১৫ জানুয়ারি অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য করেন।
১৫ জানুয়ারি ডিবি পুলিশের দেওয়া অভিযোগপত্রের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে নারাজি (অসন্তোষ) আবেদন দাখিল করেন বাদী আবদুল্লাহ আল জাবের। অভিযোগপত্রে সঠিক তদন্ত হয়নি এবং প্রকৃত পরিকল্পনাকারীদের বাদ দেওয়া হয়েছে—এমন দাবি তুলে তিনি মামলার নতুন করে তদন্তের আবেদন জানান। আদালত সেই আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটির তদন্ত সিআইডির কাছে হস্তান্তরের নির্দেশ দেন।
জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনের মাধ্যমে জাতীয় পর্যায়ে পরিচিতি পাওয়া শরীফ ওসমান হাদি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। নির্বাচনী মাঠে সক্রিয় হওয়ার মধ্যেই তাকে হত্যার ঘটনা দেশজুড়ে আলোড়ন তোলে।
গত ১২ ডিসেম্বর ঢাকার বিজয়নগর এলাকায় গণসংযোগকালে চলন্ত রিকশায় থাকা হাদিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। একটি মোটরসাইকেলের পেছনে বসে থাকা এক ব্যক্তি তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) অস্ত্রোপচার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
পরবর্তীতে ১৪ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যুর খবর আসে।
ঘটনার পর ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বাদী হয়ে প্রথমে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। হাদির মৃত্যুর পর মামলাটিতে দণ্ডবিধির ৩০২ ধারা (হত্যা) যুক্ত করা হয়। এরপর থানা পুলিশের হাত ঘুরে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় ডিবি পুলিশকে।
ডিবি পুলিশের দেওয়া অভিযোগপত্রে সাবেক ওয়ার্ড কাউন্সিলার তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, সাবেক ছাত্রলীগ কর্মী ফয়সাল করিম মাসুদসহ মোট ১৭ জনকে আসামি করা হয়। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, রাজনৈতিক পরিচয় ও বিভিন্ন সময়ে হাদির দেওয়া বক্তব্য বিশ্লেষণ করে তদন্তকারী কর্মকর্তা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন যে, ‘রাজনৈতিক প্রতিহিংসার কারণেই’ হাদিকে গুলি করে হত্যা করা হয়।
এছাড়া অভিযোগপত্রে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করা এবং ভোটারদের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করতেই পূর্বপরিকল্পিতভাবে হাদির নির্বাচনী প্রচারে হামলা চালানো হয়।
তবে এই অভিযোগপত্রকে অসম্পূর্ণ ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে আসছে ইনকিলাব মঞ্চ। তাদের দাবি, প্রকৃত মদদদাতা ও পরিকল্পনাকারীদের শনাক্ত না করা পর্যন্ত বিচার প্রক্রিয়া গ্রহণযোগ্য হবে না।
টানা চারবার তদন্ত প্রতিবেদন পিছিয়ে যাওয়ায় মামলার অগ্রগতি নিয়ে প্রশ্ন উঠেছে। দ্রুত ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন হাদির অনুসারী ও বিভিন্ন সামাজিক সংগঠন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News