ছবি সংগ্রহীত
শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে ওই আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৪ ফেব্রুয়ারি) কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে নুরুজ্জামান বাদল মৃত্যুবরণ করেন। শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন বাদল। তাৎক্ষণিকভাবে তাকে প্রথমে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় দ্রুত ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু ময়মনসিংহে যাওয়ার পথে রাত ২টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার চরম অবনতি ঘটে এবং সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নির্বাচনী আইন অনুসারে, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর অনুচ্ছেদ ১৭-এর ১ অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর এবং ভোট গ্রহণের আগে কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করলে সংশ্লিষ্ট আসনের নির্বাচনী কার্যক্রম তাৎক্ষণিকভাবে বাতিল বা স্থগিত করতে হবে।
আইনের বিধান অনুযায়ী, মৃত প্রার্থীকে অবশ্যই নির্বাচন কমিশন কর্তৃক বৈধ প্রার্থী হিসেবে স্বীকৃত হতে হবে। প্রার্থীর মৃত্যু নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে আসনের নির্বাচনী কার্যক্রম বাতিলের ঘোষণা দেবেন। পরে কমিশন নতুন নির্বাচনী তফসিল ঘোষণা করবেন।
তবে আইনে কিছু বিশেষ ব্যতিক্রমও রয়েছে। যদি মৃত ব্যক্তি চূড়ান্তভাবে বৈধ প্রার্থী হওয়ার আগেই মারা যান, অথবা ওই আসনে একই দলের বিকল্প কোনো বৈধ প্রার্থী থাকে, তবে নির্বাচন স্থগিত করার প্রয়োজন পড়ে না।
শেরপুর-৩ আসনের ভোটার ও রাজনৈতিক পর্যবেক্ষকরা এই ঘোষণার পর নির্বাচনী কার্যক্রমে বিরতি এবং পরবর্তী তফসিলের অপেক্ষায় রয়েছেন। স্থানীয় রাজনৈতিক মহল মনে করছেন, প্রার্থীর মৃত্যু নির্বাচনী মাঠে নতুন চিত্র তৈরি করেছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News