ছবি সংগ্রহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের বিভিন্ন অঞ্চলে ধারাবাহিক জনসভা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। উত্তর ও দক্ষিণবঙ্গসহ বিভিন্ন এলাকায় সফর শেষে ঢাকার বাইরে শেষ নির্বাচনী সফর হিসেবে তিনি ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুর সফরে যাচ্ছেন।
বিএনপির স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন, শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন তারেক রহমান। সেখান থেকে তিনি সরাসরি ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা দেবেন।
দলীয় সূত্রে জানা যায়, হেলিকপ্টারে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে অবতরণ করার পর তিনি শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। জনসভা শেষে নীলফামারী হয়ে দিনাজপুরে যাবেন বিএনপি চেয়ারম্যান এবং সেখানে আরেকটি বড় জনসভায় অংশ নেবেন।
এই সফরকে ঘিরে ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুর—এই তিন জেলাতেই উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। দলীয় নেতাকর্মীরা জানান, কয়েক দিন ধরেই জনসভাস্থল ও আশপাশের এলাকায় ব্যাপক সাজসজ্জা চলছে। ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলো।
এর আগে তারেক রহমানের বিভিন্ন জনসভায় ব্যাপক জনসমাগম দেখা গেছে। প্রতিটি সভায় দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। নেতাকর্মীদের আশা, উত্তরাঞ্চলের এই সফরেও জনস্রোত সৃষ্টি হবে।
অন্যদিকে জনসভাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থার পক্ষ থেকে পর্যাপ্ত প্রস্তুতির কথা জানানো হয়েছে।
এই সফরের একটি ঐতিহাসিক দিকও রয়েছে। ১৯৭৭ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ২০০১ সালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে জনসভায় বক্তব্য দিয়েছিলেন। দীর্ঘ বিরতির পর এবার একই মাঠে বক্তব্য দিতে যাচ্ছেন তাদের বড় ছেলে, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
দলীয় নেতারা বলছেন, এটি শুধু একটি নির্বাচনী জনসভা নয়, বরং বিএনপির রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানের এই শেষ সফর উত্তরাঞ্চলের ভোটের রাজনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরাও।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News