ছবি সংগ্রহীত
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রাশেদ খান অভিযোগ করেছেন, তার নির্বাচনি প্রচারণার বিলবোর্ড ও ফেস্টুন পরিকল্পিতভাবে ভাঙচুর ও অশ্লীলভাবে দাগানো হচ্ছে। তিনি বলেন, এই ধরনের কর্মকাণ্ড সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনি পরিবেশের জন্য হুমকি স্বরূপ।
শুক্রবার বিকেলে কালীগঞ্জ উপজেলার মনোহরপুর পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনি সভায় যাওয়ার পথে রাশেদ খান সাংবাদিকদের জানান, ঝিনাইদহ-৪ আসনের বিভিন্ন এলাকায় তার ধানের শীষ প্রতীকের বিলবোর্ড ছিঁড়ে ফেলা, পুড়িয়ে দেওয়া এবং ফেস্টুনে গোবর মাখানোর ঘটনা ঘটেছে। এছাড়া ঘোরশাণ ও ফুরসুন্দি ইউনিয়নের বিভিন্ন স্থানে একই ধরণের ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
রাশেদ খান বলেন, “অন্যান্য দলের প্রার্থীদের বিলবোর্ড অক্ষত থাকলেও পরিকল্পিতভাবে আমার নির্বাচনি প্রচারণার বিলবোর্ড ও ফেস্টুনে হামলা চালানো হচ্ছে। বিভিন্ন স্থানে ফেস্টুনে গোবর মাখানো হয়েছে এবং পানের পিক নিক্ষেপের মতো অশ্লীল কাজ করা হয়েছে। এছাড়া অসংখ্য জায়গা থেকে আমার ফেস্টুনও খুলে নিয়ে যাওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “এ ধরনের কর্মকাণ্ড শুধুমাত্র আমার প্রচারণাকে বাধাগ্রস্ত করছে না, বরং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশের জন্য হুমকি স্বরূপ। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং অবিলম্বে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”
স্থানীয় সূত্রের মতে, নির্বাচনের আগে এমন হামলার ঘটনা এলাকায় উত্তেজনা তৈরি করেছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলেন, প্রচারণার সময় নির্বাচন আইন ও আচরণবিধি অনুযায়ী সব প্রার্থী ও সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন এ ধরনের ঘটনা নজরে রাখছে বলে জানা গেছে।
রাশেদ খানের অভিযোগের পর প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর সম্ভাবনা রয়েছে। এলাকাবাসী শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণের আশায় অবস্থান নিয়েছেন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News