ছবি সংগ্রহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের প্রার্থিতা বাতিলের দাবিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে লিখিত আবেদন করেছেন দেশের বিভিন্ন নারী নেত্রী ও অধিকারকর্মীরা। আবেদনটি উদ্ভূত হয়েছে জামায়াত আমিরের ভ্যারিফায়েড ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে প্রকাশিত অবমাননাকর ও নারীবিদ্বেষী মন্তব্যের কারণে।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ করে আবেদনপত্র জমা দেন নারী নেত্রীরা। এ সময় গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু বলেন, “একজন শীর্ষ রাজনৈতিক নেতার কাছ থেকে এ ধরনের মন্তব্য শুধু অগ্রহণযোগ্য নয়, বরং এটি সংবিধানসম্মত নারী মর্যাদা ও সমতার সরাসরি লঙ্ঘন।”
লিখিত আবেদনে উল্লেখ করা হয়েছে, জামায়াত আমিরের ভ্যারিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে করা মন্তব্য কুরুচিপূর্ণ, অবমাননাকর ও গভীরভাবে নারীবিদ্বেষী। যদিও দলটির পক্ষ থেকে হ্যাকিংয়ের দাবি করা হয়েছে, ভ্যারিফায়েড অ্যাকাউন্টের ক্ষেত্রে এটি গ্রহণযোগ্য নয় বলে আবেদনকারীদের মত।
আবেদনকারীরা আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যমের পক্ষ থেকে হ্যাকিং বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা বা প্রমাণ প্রকাশিত হয়নি। পুলিশের গ্রেপ্তার ও তদন্ত সম্পর্কিত তথ্য পরস্পরবিরোধী হওয়ায় হ্যাকিং দাবি সন্দেহজনক মনে হচ্ছে।
এ ঘটনায় দায়ের করা মামলায় গত ৫ ফেব্রুয়ারি হাতিরঝিল থানার সাইবার সুরক্ষা আইনের মামলায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আওলাদ হোসাইন জুনাইদ অভিযুক্তের জামিন মঞ্জুর করেন।
নারী নেত্রীরা বলেন, গার্মেন্টস শিল্পসহ বিভিন্ন খাতে শ্রমজীবী নারীরা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের শ্রম ও মর্যাদাকে অবমূল্যায়ন করে প্রকাশ্যে এই ধরনের মন্তব্য সংবিধান, মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচারের পরিপন্থি।
আবেদনপত্রে দাবি করা হয়েছে—
অবমাননাকর বক্তব্য প্রকাশ্যে প্রত্যাহার,
কর্মজীবী নারী ও নারী শ্রমিকদের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা,
ভবিষ্যতে নারীর মর্যাদা ও শ্রম নিয়ে অবমাননাকর মন্তব্য না করার অঙ্গীকার,
নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ,
ডা. শফিকুর রহমানের প্রার্থিতা বাতিল।
সিইসির সঙ্গে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামিনা লুৎফা, গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের সভাপতি শবনম হাফিজ, এনপিএ মুখপাত্র ফেরদৌস আরা রুমী, নারীর রাজনৈতিক অধিকার ফোরামের সংগঠক নাফিসা রায়হানা, এবং আইনজীবী ও মানবাধিকারকর্মী তাবাসসুম মেহেনাজ মিমি।
আবেদনকারীরা বলেন, নারীর প্রতি ঘৃণা ও বৈষম্য উসকে দেওয়া বক্তব্য সমাজে সহিংসতার সংস্কৃতির জন্ম দেয়। তাই নির্বাচনে শীর্ষ নেতা হিসেবে ডা. শফিকুর রহমানের প্রার্থিতা বাতিল হওয়া উচিত।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News