ছবি সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকেই ভোটকেন্দ্রে দীর্ঘ লাইন দেখা গেছে শিক্ষার্থীদের। নির্ধারিত সময়ের মধ্যে লাইনে দাঁড়ানো সবাই ভোট দেওয়ার সুযোগ পাবেন।
দীর্ঘ সাড়ে ছয় বছর পর ও রাজনৈতিক পট পরিবর্তনের পর আবারও অনুষ্ঠিত হচ্ছে ডাকসু ও হল সংসদ নির্বাচন। বিশ্ববিদ্যালয়জুড়ে বইছে উৎসবের আমেজ। শিক্ষার্থীদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। তারা বলছেন, সুষ্ঠু পরিবেশে যোগ্য নেতৃত্ব বেছে নিতে চান তারা।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবার ডাকসুতে মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ছাত্রী ১৮ হাজার ৯৫৯ জন এবং ছাত্র ২০ হাজার ৯১৫ জন। এবার ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। পাশাপাশি ১৮টি হল সংসদের ২৩৪টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও ১ হাজার ৩৫ জন প্রার্থী। ফলে একজন ভোটারকে মোট ৪১টি ভোট দিতে হবে, সময় পাবেন মাত্র ১০ মিনিট।
বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য এবার প্রথমবারের মতো ব্রেইল পদ্ধতিতে ভোটদানের ব্যবস্থা করা হয়েছে। যারা ব্রেইল পড়তে পারেন না, তারা সহায়তা নিতে পারবেন অন্যজনের কাছ থেকে।
এবার ভোট গ্রহণে আগের তুলনায় বুথ সংখ্যা বাড়ানো হয়েছে। ৮ কেন্দ্রে ৮১০টি বুথে চলছে ভোটগ্রহণ, যাতে শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে বিরক্ত না হন।
ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে অন্তত ১০টি প্যানেল। এর মধ্যে রয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস), সাত বাম সংগঠনের ‘প্রতিরোধ পর্ষদ’, উমামা ফাতেমার নেতৃত্বাধীন ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’, ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলনসহ একাধিক জোট ও সংগঠন।
ভিপি, জিএস ও এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলোচিত প্রার্থীরা। ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, শিবিরের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম, বামপন্থি ‘প্রতিরোধ পর্ষদ’ মনোনীত ভিপি প্রার্থী শেখ তাসনীম আফরোজ ইমি, স্বতন্ত্র ঐক্যের প্রার্থী উমামা ফাতেমা এবং ছাত্র অধিকারের ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লা সহ বেশ কয়েকজন আলোচনায় আছেন।
ভিন্নধর্মী ইশতেহার দিয়ে আলোচনায় এসেছেন শামীম হোসেন নামের এক স্বতন্ত্র প্রার্থীও।
এদিকে, ‘অপরাজেয় ৭১-অদম্য ২৪’ নামের আরেকটি প্যানেল গঠিত হয়েছে ছাত্র ইউনিয়নের একাংশ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও ছাত্রলীগ (বিসিএল-জাসদ) সমন্বয়ে। এই প্যানেলও দিয়েছে একাধিক পদে প্রার্থী।
ভোটগ্রহণ চললেও সার্বিক পরিস্থিতি আপাতত শান্তিপূর্ণ রয়েছে। শিক্ষার্থীরা প্রত্যাশা করছেন— দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত এই নির্বাচন ক্যাম্পাস রাজনীতিকে নতুন ধারায় এগিয়ে নেবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News