ছবি সংগ্রহীত
নতুন বছরের প্রথম দিনে দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন পাঠ্যবই হাতে পেয়ে উচ্ছ্বাসিত। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল থেকে স্কুলমুখী হয়ে তারা রঙিন মলাটের বই বুকে জড়িয়ে ধরেছে, কেউ কেউ খুশিতে পাতা উল্টে দেখছে।
রাজধানীর উত্তরা ও বাড্ডা এলাকার সরকারি-বেসরকারি বিদ্যালয়গুলোতে সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই শিক্ষার্থী ও অভিভাবকরা বিদ্যালয়ে জমায়েত হয়েছেন। প্রাথমিক বিদ্যালয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের বই বিতরণ করা হয়, বেলা ১১টার পর তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বই দেওয়া হচ্ছে।
বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদুর রহমান জানান, “সব শিক্ষার্থীর জন্য শতভাগ বই এসেছে। বই বিতরণে কোনো উৎসব করা হয়নি। রোল ধরে ডেকে ডেকে শিক্ষার্থীদের হাতে বই দেওয়া হচ্ছে।”
নতুন বই পাওয়ার আনন্দে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রায়হান বলেন, “নতুন বই পেয়ে অনেক ভালো লাগছে। বাসায় নিয়ে মলাট বাঁধবো।”
আরেক শিক্ষার্থী ফাইয়াজ মাহমুদ বলেন, “নতুন বই নিয়ে অনেক আনন্দ লাগছে। বাসায় গিয়েই সব বই পড়বো।”
তবে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে চিত্র ভিন্ন। সরকারি উচ্চ বিদ্যালয়গুলিতে বই চাহিদা অনুযায়ী এখনও পৌঁছায়নি। কোথাও একজন শিক্ষার্থী পেয়েছে দুটি বই, কেউ পেয়েছে তিনটি, আবার কেউ একটিও বই পাননি।
খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহীদুল হক বলেন, “ষষ্ঠ ও নবম শ্রেণির কিছু বই এসেছে, তবে সপ্তম ও অষ্টম শ্রেণির বইয়ের ঘাটতি বেশি। শিক্ষার্থীদের মধ্যে সমন্বয় করে বই বিতরণ করতে হবে।”
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) জানিয়েছে, ২০২৬ শিক্ষাবর্ষের জন্য প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৮ কোটি ৫৯ লাখ ২৫ হাজার ৩৭৯ কপি বই ছাপা ও বিতরণ করা হয়েছে, তাই প্রাথমিক স্তরে শতভাগ বই সরবরাহ নিশ্চিত।
মাধ্যমিক, দাখিল, ভোকেশনাল ও কারিগরি স্তরের বইয়ের মুদ্রণ ও সরবরাহ এখনো চলছে। ষষ্ঠ থেকে নবম শ্রেণির মোট ১৮ কোটি ৩২ লাখ ৮ হাজার ৬৯৩ কপি বইয়ের মধ্যে এখন পর্যন্ত ৬৬ শতাংশ পৌঁছেছে। বাকি ৪৪ শতাংশ দ্রুত বিতরণের চেষ্টা চলছে।
এবারের বই বিতরণে কোনো উৎসব বা আনুষ্ঠানিকতা করা হয়নি। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আগেই সিদ্ধান্ত নিয়েছিল, এছাড়া সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে, তাই কোনো বই উৎসব আয়োজন হয়নি।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ বলেন, “শুধুমাত্র নিজ নিজ স্কুলে শিক্ষকরা শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করবেন। ১ জানুয়ারি সারাদেশে বই বিতরণের নির্দেশনা রয়েছে।”
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News