ছবি সংগ্রহীত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও কার্যকারিতা নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। কমিশনের স্পষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রকাশ্যে পোস্টার টাঙানোর ঘটনা ঘটলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ তুলে ধরেন ডা. তাসনিম জারা। পোস্টে তিনি জানান, নির্বাচন কমিশন চলতি নির্বাচনে পোস্টার ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে এবং তিনি নিজে সেই নির্দেশনা মেনে কোনো পোস্টার ব্যবহার করছেন না। তবে বাস্তব চিত্র ভিন্ন বলে দাবি করেন তিনি।
ডা. জারা তার পোস্টে একটি ছবি সংযুক্ত করে উল্লেখ করেন, রাজধানীর তিতাস রোডের দেয়ালসহ খিলগাঁও, গোড়ান, সবুজবাগ ও মুগদা এলাকার বিভিন্ন স্থানে প্রার্থীদের পোস্টারে দেয়াল ছেয়ে গেছে। অথচ নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসব আইন লঙ্ঘনের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
তার ভাষ্য অনুযায়ী, পরিস্থিতি দেখে মনে হচ্ছে—আইন মেনে চলা সৎ প্রার্থীদের নির্বাচন থেকে আড়াল করে দেওয়ার একটি কৌশল নেওয়া হয়েছে। তিনি বলেন, “আমি আইন মেনে পোস্টার ব্যবহার করিনি, ফলে এলাকায় আমার কোনো দৃশ্যমান উপস্থিতি নেই। অথচ যারা আইন মানছে না, তাদের ছবি সবার চোখের সামনে।”
একই সঙ্গে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, আইন লঙ্ঘনকারীদের জবাবদিহিতার আওতায় আনার সদিচ্ছা কমিশনের মধ্যে তিনি দেখছেন না। চোখের সামনে পোস্টারের এক ধরনের ‘বেআইনি মহোৎসব’ চললেও কমিশনের নীরবতা উদ্বেগজনক বলেও মন্তব্য করেন তিনি।
নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপির প্রতীক ‘শাপলা কলি’ ভোটারদের কাছে পরিচিত করে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন ডা. তাসনিম জারা। তার অভিযোগ, পোস্টার নিষেধাজ্ঞা কার্যকর না করায় এই সুযোগ থেকে তারা বঞ্চিত হচ্ছেন এবং এতে নির্বাচনী মাঠে অসম প্রতিযোগিতার পরিবেশ তৈরি হচ্ছে।
এছাড়া, সম্প্রতি এনসিপি নেতা ওসমান হাদীর ওপর গুলির ঘটনাকে নির্বাচন কমিশন যেভাবে ‘স্বাভাবিক ঘটনা’ হিসেবে উল্লেখ করেছে, তা দলটির নেতাকর্মীদের মধ্যে গভীর শঙ্কা তৈরি করেছে বলেও জানান তিনি।
ডা. জারা আশঙ্কা প্রকাশ করে বলেন, যদি নির্বাচনের দিন সহিংসতা বা ভীতি প্রদর্শনের ঘটনা ঘটে, তাহলেও নির্বাচন কমিশন তা উপেক্ষা করতে পারে। এ ধরনের মনোভাব নির্বাচন ব্যবস্থার ওপর জনগণের আস্থা আরও ক্ষুণ্ন করবে বলে তিনি মনে করেন।
পোস্টের শেষাংশে তিনি বলেন, নির্বাচন কমিশন কীভাবে তাদের তৈরি হওয়া একটি ‘আন-ইভেন প্লেয়িং ফিল্ড’ সংশোধন করে, সে বিষয়ে তিনি অপেক্ষা করবেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে এমন প্রকাশ্য অভিযোগ আসন্ন নির্বাচনের গ্রহণযোগ্যতা ও স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News