ছবি: সংগৃহীত
কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজা হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তিনি বর্তমানে শঙ্কামুক্ত এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা আনুমানিক ১১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় নির্বাচনী গণসংযোগে অংশ নেন মুফতি আমির হামজা। গণসংযোগ চলাকালেই হঠাৎ তিনি অসুস্থ বোধ করেন। সঙ্গে থাকা দলীয় নেতাকর্মীরা দ্রুত তাকে কুষ্টিয়ার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতাল সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে তাকে জরুরি বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান, তিনি পেটের পীড়ায় আক্রান্ত হয়েছেন। ধারণা করা হচ্ছে, এটি ফুড পয়জনিংজনিত সমস্যা হতে পারে।
কুষ্টিয়া পৌর জামায়াতের আমির এনামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন,
“নির্বাচনী প্রচারণাকালে হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, পেটের সমস্যার কারণে তাকে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন।”
এদিকে কুষ্টিয়ার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম জানান,
“মুফতি আমির হামজা পেটের পীড়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সম্ভবত ফুড পয়জনিংয়ের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। কয়েকবার বমিও হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক নয়।”
তিনি আরও জানান, রোগীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণের অংশ হিসেবে ইসিজি করা হয়, যার রিপোর্ট স্বাভাবিক এসেছে। বর্তমানে তাকে স্যালাইন পুশ করা হচ্ছে। শারীরিক অবস্থার উন্নতি হলে আজই তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়ার সম্ভাবনা রয়েছে।
হঠাৎ অসুস্থতার খবরে হাসপাতাল এলাকায় জামায়াতের নেতাকর্মী ও সমর্থকদের ভিড় লক্ষ্য করা যায়। তারা তার দ্রুত সুস্থতা কামনা করেন।
উল্লেখ্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া-৩ আসনে নির্বাচনী প্রচারণা তুঙ্গে। এমন সময়ে একজন গুরুত্বপূর্ণ প্রার্থীর অসুস্থতা এলাকায় রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। তবে চিকিৎসকদের আশ্বস্ত বক্তব্যে স্বস্তি প্রকাশ করেছেন তার সমর্থকরা।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News