ছবি সংগৃহীত
দ্বৈত নাগরিকত্বের অভিযোগে ১১ দলীয় জোট মনোনীত ঢাকা–১১ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। জাতীয় পার্টির প্রার্থী শামীম আহমেদ এই রিট আবেদন করেছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দায়ের করা রিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশনের সচিব, সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার এবং মো. নাহিদ ইসলামকে বিবাদী করা হয়েছে। রিটটি হাইকোর্ট বিভাগের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হতে পারে বলে জানা গেছে।
রিট আবেদনে উল্লেখ করা হয়, মো. নাহিদ ইসলাম ২০২৫ সালের ২০ এপ্রিল ক্যারিবীয় দ্বীপ রাষ্ট্র ডমিনিকার নাগরিকত্ব গ্রহণ করেন। সংবিধান অনুযায়ী কোনো ব্যক্তি দ্বৈত নাগরিকত্ব ধারণ করলে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা হারান—এমন যুক্তি তুলে ধরে তার মনোনয়ন বাতিলের আবেদন জানানো হয়েছে।
আবেদনকারীর পক্ষ থেকে বলা হয়েছে, প্রার্থিতার ক্ষেত্রে প্রার্থীর নাগরিকত্ব সংক্রান্ত তথ্য নির্বাচন কমিশনের সামনে স্পষ্ট থাকা জরুরি। দ্বৈত নাগরিকত্ব থাকা সত্ত্বেও প্রার্থিতা বহাল থাকলে তা নির্বাচনী আইন ও সংবিধানের পরিপন্থী হবে বলেও রিটে দাবি করা হয়।
এদিকে বিষয়টি নিয়ে ঢাকা–১১ আসনের নির্বাচনী মাঠে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। এই আসনটি গুলশান এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১, ২২, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড এবং সবুজবাগ এলাকার ২৩ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত।
ঢাকা–১১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩৯ হাজার ৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৮৭৭ জন, নারী ভোটার ২ লাখ ১৬ হাজার ১৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।
এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন একাধিক রাজনৈতিক দলের প্রার্থী। তারা হলেন— বিএনপির এম এ কাইয়ুম, এনসিপির মো. নাহিদ ইসলাম, স্বতন্ত্র প্রার্থী কহিনূর আক্তার বীথি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের কাজী মো. শহীদুল্লাহ, গণফোরামের মো. আবদুল কাদের, গণঅধিকার পরিষদের মো. আরিফুর রহমান, বাংলাদেশ রিপাবলিকান পার্টির মো. জাকির হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির মো. মিজানুর রহমান, জাতীয় পার্টির শামীম আহমেদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ।
উল্লেখ্য, এর আগেও বিভিন্ন আসনে দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে একাধিক প্রার্থীর বিরুদ্ধে রিট দায়ের ও শুনানি হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এমন আইনি পদক্ষেপ নির্বাচনী প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ করছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News