ছবি সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ফল প্রকাশ নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছে, তা নাকচ করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেছেন, একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলেও ফলাফল ঘোষণায় দীর্ঘ বিলম্ব হবে না। সবকিছু ঠিক থাকলে ভোটের পরদিন শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হবে।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বর্তমান নির্বাচনী পরিস্থিতি ও কমিশনের প্রস্তুতি নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ইসি আনোয়ারুল ইসলাম সরকার।
তিনি দাবি করেন, অতীতের যেকোনো নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনী পরিবেশ অনেক বেশি চমৎকার, শান্তিপূর্ণ ও নিয়ন্ত্রিত। নির্বাচনকে ঘিরে শুরুতে যেসব শঙ্কা ও উদ্বেগ ছিল, সেগুলো ধীরে ধীরে কেটে গেছে বলে মনে করেন তিনি।
এক প্রশ্নের জবাবে ইসি আনোয়ারুল বলেন, “নির্বাচন নিয়ে যত শঙ্কা ছিল, সেগুলো আমরা সবার সহযোগিতায় এরইমধ্যে কাটিয়ে উঠেছি। ইনশাআল্লাহ, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দেশবাসীকে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারব।”
একই দিনে গণভোট ও সংসদ নির্বাচন হওয়ায় ফলাফল ঘোষণায় তিন দিন বা তারও বেশি সময় লাগতে পারে—এমন আশঙ্কা উত্থাপিত হলে তিনি তা স্পষ্টভাবে নাকচ করেন। ইসি আনোয়ারুল বলেন, আধুনিক অটোমেশন ব্যবস্থা এবং একাধিক প্রযুক্তিগত ডিভাইস ব্যবহারের কারণে ফলাফল সংগ্রহ ও প্রক্রিয়াকরণ দ্রুত করা সম্ভব হবে।
তিনি বলেন, “কোনোভাবেই তিন দিন নয়। শুক্রবারের মধ্যেই ফলাফল দেয়া যাবে। তবে দুর্গম বা যোগাযোগ বিচ্ছিন্ন কিছু এলাকায় ভোটকেন্দ্র থেকে তথ্য পৌঁছাতে সামান্য বিলম্ব হতে পারে।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে নির্বাচন কমিশনার জানান, এবারের নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে সব বাহিনী মিলিয়ে প্রায় ১১ থেকে ১২ লাখ সদস্য মাঠে থাকবেন। অতীতের তুলনায় বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নত বলেও দাবি করেন তিনি।
ইসি আনোয়ারুল বলেন, নির্বাচন পরিচালনায় রিটার্নিং কর্মকর্তাদের নেতৃত্বে এবং নির্বাচন কমিশনের সরাসরি তত্ত্বাবধানে সব বাহিনী সমন্বিতভাবে কাজ করবে। যেকোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা মোকাবিলায় কমিশন প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
নির্বাচনের দিন মনিটরিং ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, প্রতিটি সংসদীয় আসনে একাধিক মনিটরিং টিম কাজ করবে। প্রতি দুই ঘণ্টা অন্তর মাঠপর্যায়ের তথ্য কেন্দ্রীয় মনিটরিং সেলে পাঠানো হবে, যাতে সার্বিক পরিস্থিতি সম্পর্কে কমিশন তাৎক্ষণিক ধারণা পায়।
এ ছাড়া যেসব ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ রয়েছে, সেখানে সিসিটিভি ক্যামেরা বসানো হবে। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের জন্য ‘বডি-ওর্ন’ ক্যামেরা ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এতে করে ভোটকেন্দ্রের ভেতরের পরিস্থিতি আরও স্বচ্ছভাবে নজরদারির আওতায় আসবে।
সোশ্যাল মিডিয়ায় গুজব ও ভুল তথ্য ছড়ানো ঠেকাতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি বিশেষ ‘ফ্যাক্ট-ফাইন্ডিং সেল’ গঠন করা হয়েছে। এই সেল সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্য যাচাই করে দ্রুত ব্যবস্থা নেবে বলে জানান ইসি আনোয়ারুল।
নির্বাচন বিশ্লেষকদের মতে, ফল প্রকাশের সময় নিয়ে নির্বাচন কমিশনের এই স্পষ্ট বক্তব্য ভোটার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে তৈরি হওয়া অনিশ্চয়তা অনেকটাই কমাবে। এখন সবার দৃষ্টি ভোটের দিন মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা ও মনিটরিং ব্যবস্থা কতটা কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়, সেদিকেই।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News