ছবি: সংগৃহীত
ইরানের চলমান গণবিক্ষোভ ও রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম। তিনি দাবি করেছেন, প্রয়োজনে ইরানের জনগণকে রক্ষায় এমন সিদ্ধান্ত নিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় মঙ্গলবার (৬ জানুয়ারি) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রাহাম বলেন, “আমি আয়াতুল্লাহদের স্পষ্ট করে বলতে চাই আপনারা যদি ভালো জীবনের দাবিতে রাস্তায় নামা নিজ জনগণকে হত্যা করতে থাকেন, তাহলে ডনাল্ড জে ট্রাম্প আপনাদের হত্যা করবেন।”
এই মন্তব্যের মাধ্যমে ইরানের বর্তমান শাসকগোষ্ঠীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কড়া অবস্থানের বার্তা আরও স্পষ্ট হলো বলে মনে করছেন বিশ্লেষকরা। গ্রাহাম আরও বলেন, ইরানে পরিবর্তনের সময় ঘনিয়ে আসছে এবং চলমান এই আন্দোলন মধ্যপ্রাচ্যের ইতিহাসে একটি বড় মোড় তৈরি করতে পারে।
বর্তমানে ইরানে তীব্র অর্থনৈতিক সংকট, লাগামছাড়া মূল্যস্ফীতি ও মুদ্রার অবমূল্যায়নের কারণে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বহু শহরে এসব বিক্ষোভ রক্তক্ষয়ী রূপ নিয়েছে। সরকারের দমন-পীড়নের অভিযোগও উঠেছে বিভিন্ন মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে।
এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একের পর এক মন্তব্য ও হুঁশিয়ারি আসছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও খামেনি প্রশাসনকে সতর্ক করে বলেন, বিক্ষোভকারীদের ওপর হামলা চালানো হলে ওয়াশিংটন কঠোর ও শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে।
অন্যদিকে, ইরানের বিচার বিভাগ বিক্ষোভ দমনে আরও কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে। দেশটির প্রধান বিচারপতি গোলাম হোসেইন মোহসেনি এজেই বলেন, যারা রাস্তায় নেমে দাঙ্গায় অংশ নিচ্ছে, নেতৃত্ব দিচ্ছে বা সহায়তা করছেতাদের কোনো অজুহাত গ্রহণযোগ্য হবে না। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার ইঙ্গিত দিয়ে বলেন, রাষ্ট্র এসব কার্যকলাপ কোনোভাবেই সহ্য করবে না।
এরই মধ্যে ইরানের ক্ষমতাচ্যুত শাহের পুত্র রেজা পাহলভি নতুন করে আন্দোলনে গতি আনার আহ্বান জানিয়েছেন। বুধবার প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি দেশটির সশস্ত্র ও নিরাপত্তা বাহিনীকে জনগণের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান।
রেজা পাহলভি বলেন, “ইরানের সশস্ত্র ও নিরাপত্তা বাহিনীর প্রতি আমার সরাসরি বার্তা আপনারা যারা ইরানি জাতিকে রক্ষা করার শপথ নিয়ে সামরিক পোশাক পরেছেন, আজ আপনারা ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। আপনারা অপরাধীদের পাশে থাকবেন, নাকি জনগণের পাশে?”
তবে এই উত্তাল পরিস্থিতির মধ্যেই ভিন্ন বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি নিরাপত্তা বাহিনীকে আন্দোলনকারীদের বিরুদ্ধে নির্বিচারে দমনমূলক ব্যবস্থা না নেওয়ার নির্দেশ দিয়েছেন। তার ভাষায়, শান্তিপূর্ণ বিক্ষোভকারী এবং সশস্ত্র দাঙ্গাবাজদের মধ্যে স্পষ্ট পার্থক্য করতে হবে।
সব মিলিয়ে, একদিকে যুক্তরাষ্ট্রের সরাসরি হুমকি, অন্যদিকে অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ ও গণবিক্ষোভ—সবকিছু মিলিয়ে ইরান এক গভীর অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা এখন আন্তর্জাতিক রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News